রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এই কম্পন টের পান মানুষ।
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৫২ মিনিটে কম্পনটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি এলাকা।
সাতক্ষীরায় ভূমিকম্পের সময় শক্ত ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জুমার নামাজের প্রস্তুতির সময় অনেকেই আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসেন।
এ ছাড়া খুলনা, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন।
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পনের মধ্য দিয়ে মাসটি শুরু হয়। ৩ ফেব্রুয়ারি একই দিনে তিনবার ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার একটি এবং মিয়ানমারে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প হয়। এরপর ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুটি কম্পন অনুভূত হয়। সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
সব মিলিয়ে ফেব্রুয়ারির ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ।

