—রাহাদ সুমন; বরিশাল প্রতিবেদক
দীর্ঘ ১৮ মাস পরে বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ-সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। তবে এতে যারা পতাকা উত্তোলন ও ছবি সাঁটিয়েছে তাদের ছবি নেই।
ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃণমূলের নিবেদিতপ্রাণ কর্মীরা দলীয় কার্যালয়ের শাটার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটিয়ে (টাঙিয়ে) দিয়ে চলে যায়। এর প্রায় ৫ ঘণ্টা পরে বেলা ১১টার দিকে কে বা কারা পতাকা ও ছবি দুটি সেখান থেকে উধাও করে ফেলে।
এ বিষয়টি প্রত্যক্ষ করলেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ও পাশের দোকানিরা মুখ খুলতে অপরাগতা প্রকাশ করেন। এদিকে দীর্ঘদিন পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি সাঁটানোর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এতে পুলকিত হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও দলীয় সভানেত্রীর ছবি টাঙানোর ছবি ফেসবুকে পোস্ট করে ছড়িয়ে দিয়েছেন। অনেকে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে শুকরিয়া আদায় করেছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন বিকেলে বিক্ষুব্ধরা বানারীপাড়া পৌর শহরের ফেরিঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে বিধ্বস্ত দলীয় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

