বাংলাদেশে গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে চীনের (হংকং) প্রতিষ্ঠান গ্রিন পিউর হাউসওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।
আজ রোববার (১ মার্চ) বেপজা থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি ৩০.৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন করবে। এটি একটি বহনযোগ্য কাঠামো, যা মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষভাবে তৈরি। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন ও পিই প্যাকেজিং ফিল্ম উৎপাদনও হবে। হাইড্রোপনিক্স টেন্ট একটি উচ্চমূল্য সংযোজনকারী, নন-ট্র্যাডিশনাল রপ্তানি পণ্য, যা বেপজার পণ্য বৈচিত্র্য ও বৈশ্বিক বাজারে প্রবেশের কৌশলগত লক্ষ্য পূরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তুত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। প্রতিষ্ঠানটি প্রায় ৩,০০০ বাংলাদেশি নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং গ্রিন পিউর হাউসওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেড-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মি. ওয়াং শেনিউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত থেকে চুক্তি প্রত্যক্ষ করেন।
চুক্তি স্বাক্ষরের সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে বলেন, ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ প্রদানের প্রতিশ্রুতি বেপজা পুনর্ব্যক্ত করছে। অনুষ্ঠানটিতে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

