রাজধানী ঢাকার সড়কজুড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড, ডিজিটাল স্ক্রিন ও ব্যানার দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। ব্যক্তিগত প্রচারণা নিরুৎসাহিত করে সরকারি কাজের ওপর গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হওয়ার সময় হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। তা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে সেটি অপসারণের নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পরপরই ব্যানারটি সরিয়ে ফেলা হয়।
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন—কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ছবি ব্যবহার করে অভিনন্দন বার্তা প্রচার করতে পারবে না। এর আগে কয়েক দিন আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি পর্দায় একই ধরনের বার্তা প্রচার হতে দেখে সেটিও বন্ধ করতে বলা হয়েছিল। সরকারি সূত্র বলছে, ব্যক্তিগত প্রশংসার পরিবর্তে উন্নয়নমূলক কাজের প্রচারেই জোর দিতে চান সরকারপ্রধান।
সকালে সচিবালয়ে পৌঁছে নিয়মিত কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। জলদস্যুতা, মানবপাচার ও চোরাচালান রোধে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যসম্পদ সুরক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে আরও সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হয়। সামুদ্রিক এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
এদিন রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ভিআইপি চলাচলের সময় রাস্তা বন্ধ না করে সাধারণ ট্রাফিক নিয়ম অনুসরণ করায় যান চলাচলের গতি কিছুটা বেড়েছে। গত ১৪ দিনের হিসাবে রাজধানীতে যানবাহনের গড় গতি ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার থেকে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করায় অন্যরাও একই নীতি অনুসরণ করছেন বলে সংশ্লিষ্টরা জানান।
বাজার পরিস্থিতির বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছেন সরকারপ্রধান। সোমবার মোটা চালের দাম বৃদ্ধির খবর পাওয়ার পর খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলা হয়। প্রশাসনের নজরদারির কারণে খুচরা বাজারে চালের দামে ইতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশও দেওয়া হয়েছে

