দুর্নীতি দমন কমিশনে (দুদক) একসঙ্গে শীর্ষ পর্যায়ে পরিবর্তন এসেছে। সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
জানা গেছে, পদত্যাগপত্র সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। সাংবাদিকদের তিনি বলেন, ব্যক্তিগত কারণেই তারা দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে কোনো ধরনের চাপ ছিল না বলেও দাবি করেন তিনি। নিয়ম মেনেই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান এই কমিশনার।
তিনি আরও বলেন, খুব শিগগিরই কমিশনের নতুন পর্ষদ গঠন করা হবে। নতুন দায়িত্বপ্রাপ্তদের জন্য শুভকামনাও জানান তিনি। দুদকের শীর্ষ তিন কর্মকর্তার একযোগে সরে দাঁড়ানোর ঘটনায় প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এখন নজর থাকবে কবে এবং কীভাবে নতুন নেতৃত্ব দায়িত্ব নেয়।

