আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়ে সিদ্ধান্ত হতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে। নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে।
তবে জনগণের সুবিধা, যাতায়াতের চাপ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ছুটি আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হবে। তাই আপাতত এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।
ঈদ উপলক্ষে প্রতিবছরই রাজধানীসহ বড় শহরগুলো থেকে লাখো মানুষ নিজ নিজ এলাকায় যান। সে কারণে ছুটির দৈর্ঘ্য নিয়ে সাধারণ মানুষের আগ্রহও থাকে বেশি। এখন সবার চোখ মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে।

