ধানমন্ডির বিতর্কিত ১০০ কোটি টাকার জমির গেজেট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গত মঙ্গলবার (০৩ মার্চ) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত প্লট নং-২৫২ (পুরাতন), ৭১ (নতুন) এবং রোড নং-২২ (পুরাতন), ১২/এ (নতুন)-এর গেজেট বাতিল করা হলো। প্রজ্ঞাপনটি প্রশাসন শাখা-২-এর গত ৯ নভেম্বর, ২০২৫ তারিখে জারি হওয়া প্রজ্ঞাপন নম্বর: ২৫.০০.০০০০.১২৩.২২.০০৪.২৫.৮৬৫-এর অনুচ্ছেদ (৭)-এর তফসিল অংশ-১ থেকে সংশ্লিষ্ট অংশকে সরানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্লটের উত্তরাধিকার, ক্রয়, দান বা হেবা সূত্রে নামজারি এবং হস্তান্তরের ক্ষেত্রে (বিক্রয়, দান, হেবা বা বণ্টন) কোনো দলিল সম্পাদন বা বাতিল করার আগে সংশ্লিষ্ট লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
গত ২৪ ফেব্রুয়ারি দৈনিক কালবেলায় ‘মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি অবিলম্বে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় ২৪ ঘণ্টার মধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির আহ্বায়ক হয়েছেন অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিন, সদস্যরা হলেন উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল (প্রশাসন শাখা-৮) ও সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু (পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৬)। তাদের কাছে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
তদন্ত শেষে কালবেলার প্রতিবেদনের সত্যতা প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং জারি করা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে। সংবাদটি করেছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি সানাউল হক সানী ও স্টাফ রিপোর্টার জাফর আহমেদ।

