বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস পাচ্ছেন। নতুন সরকার এ বোনাস ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাবনা চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের বোনাস ৬০ শতাংশ করা হলে অতিরিক্ত প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব নির্ধারণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর কাছে বিস্তারিত প্রস্তাব চাওয়া হয়েছে।
অধিদপ্তরগুলো থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই শিক্ষক-কর্মচারীদের বাড়তি বোনাস দেওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এজন্য অধিদপ্তরগুলোকে দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাব হাতে পেলেই অনুমোদনের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।
জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। গত বছর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের ধারাবাহিক আন্দোলনের মুখে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এবার সেই ভাতা আরও ১০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

