দুর্নীতি দমন কমিশন (দুদক) ফারইস্ট টাওয়ার-২ ভবনের সিভিল ও ইলেক্ট্রো-মেকানিক্যাল কাজের নামে ভুয়া কার্যাদেশ ও বিল-ভাউচারের মাধ্যমে ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে। মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ছয় জনকে অভিযুক্ত করা হয়েছে।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে বুধবার (৪ মার্চ) সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থার জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার আসামিরা হলেন:
- সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম,
- সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মো. হেমায়েত উল্যাহ,
- সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ,
- বিনিয়োগ ও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আমীর মোহাম্মদ ইব্রাহীম,
- সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুর রাজ্জাক,
- এবং সাবেক হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. কামাল হোসেন হাওলাদার।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশে কোনো প্রকৃত কাজ না করে ঢাকার ৩৬, তোপখানা রোডের ‘ফারইস্ট টাওয়ার-২’ ভবনের সিভিল ও ইলেক্ট্রো-মেকানিক্যাল কাজের নামে ভুয়া কার্যাদেশ জারি করেছেন। পাশাপাশি তারা ভুয়া অগ্রিম বিলের আবেদন ও ভাউচার তৈরি করে মোট ১৬টি চেক ইস্যু করেন। এরপর এসব চেকের মাধ্যমে উত্তোলিত অর্থের একটি অংশ নগদে নিয়ে নেওয়া হয়েছে এবং বাকি অর্থ বিভিন্ন হিসাবের মধ্যে স্থানান্তর করে পরিকল্পিতভাবে আত্মসাৎ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

