Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বৈরাচারী মানসিকতা নিয়ে বাঙালী কীভাবে আগাবে?
    বাংলাদেশ

    স্বৈরাচারী মানসিকতা নিয়ে বাঙালী কীভাবে আগাবে?

    কাজি হেলালমার্চ 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উন্নয়ন, সংগ্রাম ও আত্মত্যাগের পাশাপাশি রয়েছে ক্ষমতার কেন্দ্রীকরণ, মতপ্রকাশের সংকোচন এবং প্রতিষ্ঠানগত দুর্বলতার অভিজ্ঞতা। গত কয়েক দশকের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন তুলে ধরেছে—রাষ্ট্রক্ষমতা যখন দীর্ঘ সময় ধরে এককেন্দ্রিক হয়ে ওঠে, বিরোধী মত সংকুচিত হয় এবং প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে, তখন সেই অভিজ্ঞতা থেকে সমাজ কী শিক্ষা নেয়? স্বৈরাচারী মানসিকতা থেকে শিক্ষা নিয়ে বাঙালি সমাজ কোন পথে এগোবে?

    স্বৈরাচার কেবল একটি শাসনব্যবস্থা নয়; এটি একটি মনোভাব; যা ধীরে ধীরে ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের ভেতরে জায়গা করে নেয়। যখন ভিন্নমতকে সন্দেহের চোখে দেখা হয়, সমালোচনাকে শত্রুতা হিসেবে বিবেচনা করা হয় এবং ক্ষমতাকে প্রশ্নাতীত ধরে নেওয়া হয়—তখন গণতন্ত্রের ভিত নীরবে দুর্বল হয়ে পড়ে। এই মানসিকতা শুধু রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ থাকে না; এটি রাষ্ট্রব্যবস্থা, দলীয় সংস্কৃতি, প্রশাসনিক আচরণ এবং নাগরিক জীবনের দৈনন্দিন চর্চাতেও প্রতিফলিত হয়।

    সাম্প্রতিক বছরগুলোতে আগের সরকারের শাসনব্যবস্থা ও তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্বদের ভূমিকা নিয়ে দেশ-বিদেশে বিস্তর আলোচনা হয়েছে। উন্নয়ন ও স্থিতিশীলতার পাশাপাশি জবাবদিহিতা, মতপ্রকাশের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে আজকের প্রেক্ষাপটে প্রয়োজন আত্মসমালোচনা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং একটি সহনশীল, জবাবদিহিমূলক ও প্রতিষ্ঠানভিত্তিক রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয়। কারণ উন্নয়ন ও স্থিতিশীলতা তখনই টেকসই হয়, যখন তার ভিত্তি থাকে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর।

    স্বৈরাচারী শাসক কি? স্বৈরশাসক বা স্বৈরাচারী শাসক বলতে এমন একজন শাসককে বোঝায়, যিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেন এবং আইন, সংবিধান বা জনগণের মতামতের তোয়াক্কা না করে একচ্ছত্রভাবে দেশ পরিচালনা করেন। তার শাসনে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন: বিচারব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গণমাধ্যম—স্বাধীনভাবে কাজ করতে পারে না; বরং শাসকের ইচ্ছাই হয়ে ওঠে প্রধান নিয়ামক শক্তি।

    স্বৈরশাসনের মূল বৈশিষ্ট্য হলো ক্ষমতার ওপর কোনো কার্যকর নিয়ন্ত্রণ বা ভারসাম্য না থাকা। গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন ক্ষমতার বিভাজন ও জবাবদিহিতার কাঠামো থাকে, স্বৈরতন্ত্রে তা অনুপস্থিত বা দুর্বল হয়ে পড়ে। শাসক নিজের সিদ্ধান্তকে আইনের ঊর্ধ্বে মনে করেন এবং প্রয়োজনে প্রচলিত আইন বা সংবিধান পরিবর্তন কিংবা উপেক্ষা করে ক্ষমতা টিকিয়ে রাখেন।

    এ ধরনের শাসনে নাগরিক স্বাধীনতা সীমিত হয়ে যায়। বাকস্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, সংগঠন করার অধিকার কিংবা বিরোধী মত প্রকাশ—এসবের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। বিরোধী রাজনৈতিক শক্তি বা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া, ভয়ভীতি প্রদর্শন বা নির্যাতনের ঘটনাও অনেক সময় দেখা যায়।

    স্বৈরশাসকরা প্রায়ই শক্তি প্রয়োগ, সামরিক অভ্যুত্থান, নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি অথবা সাংবিধানিক কৌশলের মাধ্যমে ক্ষমতা দখল বা দীর্ঘদিন ধরে ধরে রাখেন। তাদের শাসনে ব্যক্তি-কেন্দ্রিকতা এতটাই প্রবল হয় যে রাষ্ট্র ও সরকার প্রায় সমার্থক হয়ে দাঁড়ায় শাসকের সঙ্গে।

    “স্বৈরতন্ত্র” বা “অটোক্রেসি” শব্দটির উৎপত্তি প্রাচীন গ্রিক শব্দ Auto (নিজে) এবং Kratos (ক্ষমতা) থেকে—অর্থাৎ নিজের হাতে ক্ষমতা। ইতিহাসে অ্যাডলফ হিটলার, জোসেফ স্টালিন, বেনিতো মুসোলিনি, মাও সে তুং বা ইয়াহিয়া খান প্রমুখ নেতাদের স্বৈরশাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। সংক্ষেপে বলা যায়, স্বৈরশাসন এমন এক শাসনব্যবস্থা যেখানে জনগণের ইচ্ছা বা অংশগ্রহণের পরিবর্তে একক ব্যক্তির ক্ষমতাই রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি হয়ে ওঠে এবং জবাবদিহিতার পরিবর্তে কর্তৃত্বই হয়ে দাঁড়ায় শাসনের মূল বৈশিষ্ট্য।

    গত এক দশকের বেশি সময় ধরে ক্ষমতার ধারাবাহিকতা বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতার চিত্র তৈরি করেছিল। সরকারপক্ষ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরের সাফল্য তুলে ধরেছে। কিন্তু একই সময়ে নির্বাচন প্রক্রিয়া, বিরোধী দলের রাজনৈতিক পরিসর, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।

    আন্তর্জাতিক গণতন্ত্র সূচকগুলোতেও বাংলাদেশের অবস্থান নিয়ে সমালোচনা দেখা গেছে। Freedom House তাদের প্রতিবেদনে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে নিম্নমুখী বলে উল্লেখ করেছে। একইভাবে সুইডেনভিত্তিক V-Dem Institute বাংলাদেশকে সাম্প্রতিক বছরগুলোতে “ইলেক্টোরাল অটোক্রেসি” হিসেবে চিহ্নিত করেছে। ফলে একটি দ্বৈত বাস্তবতা সামনে এসেছে—একদিকে দৃশ্যমান উন্নয়ন, অন্যদিকে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়ার অভিযোগ। এখানেই মূল প্রশ্নটি উঠে আসে উন্নয়ন কি গণতন্ত্রের বিকল্প হতে পারে, নাকি গণতন্ত্র দুর্বল হলে উন্নয়নও দীর্ঘমেয়াদে টেকসই থাকে না?

    আগের সরকারের সময় প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কারের দাবি জোরালো ছিল। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন বা দুদকের কার্যকারিতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়ে বিতর্ক দেখা যায়। অনেক সমালোচকের মতে, দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

    ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র- শ্রমিক- জনতার আন্দোলনের মুখে রাজনৈতিক পরিবর্তনের পর কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্ন আরও সামনে এসেছে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে মতাদর্শিক বিতর্ক নতুনভাবে আলোচিত হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং নির্বাচনব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও আলোচনা জোরদার হয়েছে।

    অন্তর্বর্তী সময়েও রাজনৈতিক ঐক্যের ভেতরে মতবিরোধ প্রকাশ পেয়েছে। সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা, পারস্পরিক সমালোচনা এবং রাজনৈতিক অবস্থান পুনর্নির্ধারণ—এসব বিষয় জনপরিসরে আলোচিত হয়েছে। এছাড়া গত দেড় দশকে মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের একটি অংশের দাবি, ইতিহাসকে একপাক্ষিকভাবে তুলে ধরার প্রবণতা রাজনৈতিক মেরুকরণ বাড়িয়েছে এবং জাতীয় ঐক্যের প্রশ্নকে জটিল করেছে।

    সব মিলিয়ে আগের সরকারের অভিজ্ঞতা একমুখী নয়; বরং তা উন্নয়ন ও বিতর্ক—দুই বাস্তবতার সমন্বয়। প্রশাসনিক স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, রাজনৈতিক ভারসাম্য এবং ক্ষমতার জবাবদিহিতা—এই প্রশ্নগুলোই এখন সামনে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্রের শক্তি কেবল উন্নয়নে নয়; আস্থায়, অংশগ্রহণে এবং প্রতিষ্ঠানের স্বাধীনতায়।

    আগের সরকারের আমলে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলো নানা দিক থেকে দুর্বলতার শিকার হয়েছিল। প্রাতিষ্ঠানিক অকার্যকারিতা, প্রশাসনিক অদক্ষতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ রাষ্ট্রের কার্যকারিতা কমিয়ে দিয়েছিল। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং আর্থিক খাতের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সীমিত হওয়ায় জনগণের আস্থা কমে গিয়েছিল এবং সরকারের কার্যক্রমে স্বচ্ছতার অভাব রাষ্ট্রীয় কাঠামোকে ঝুঁকিপূর্ণ করে তুলেছিল।

    প্রশাসন ও প্রতিষ্ঠানগুলো প্রায়ই নির্দিষ্ট ব্যক্তির ইচ্ছা অনুসারে পরিচালিত হতো, যা আইন ও সংবিধানগত নিয়মকানুনের পরিপন্থী ছিল। বিচার বিভাগের স্বাধীনতা হ্রাস, আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা সংকুচিত হয়ে গিয়েছিল, যা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে বাঁধা সৃষ্টি করেছিল। অর্থনৈতিক খাতেও অব্যবস্থাপনা দেখা গেছে; ব্যাংকিং খাতে অনিয়ম, খেলাপি ঋণ বৃদ্ধি এবং আর্থিক প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ প্রবৃদ্ধিকে ঝুঁকির মুখে ফেলেছিল।

    রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনিক কার্যক্রমকে প্রভাবিত করেছিল এবং জবাবদিহিতা ও দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আর সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও স্বচ্ছতার অভাবের একটি প্রমাণ হিসেবে দেখা গেছে। এই সব দুর্বলতা, বিশেষ করে ক্ষমতার কেন্দ্রিকরণ এবং সাধারণ মানুষের মতামতকে অবমূল্যায়ন, সামগ্রিক শাসন কাঠামোকে ভঙ্গুর করে তুলেছিল।

    স্বৈরাচারী প্রবণতার সবচেয়ে বড় প্রভাব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পড়ে। যখন সংসদ কার্যকর বিতর্কের জায়গা হারায়, তখন নীতিনির্ধারণ একমুখী হয়ে যায়। বিচারব্যবস্থা বা নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হলে নাগরিক আস্থা ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন দলীয় আনুগত্যে প্রভাবিত হলে দক্ষতা ও জবাবদিহিতা দুর্বল হয়ে পড়ে।

    দুর্নীতি ও স্বচ্ছতার ক্ষেত্রে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিভিন্ন প্রতিবেদনে এই সীমাবদ্ধতা তুলে ধরেছে, যা আগের সরকারের সময় প্রতিষ্ঠানের কার্যকারিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ঘাটতি স্পষ্টভাবে প্রমাণ করে।

    রাজনৈতিক সংস্কৃতি কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা নির্দিষ্ট ব্যক্তির প্রতি মানুষের মনোভাবকে বোঝায় না; বরং এটি নির্দেশ করে যে মানুষ কিভাবে রাজনৈতিক ব্যবস্থাকে সামগ্রিকভাবে দেখে এবং তার বৈধতা ও কার্যকারিতার প্রতি কতটুকু বিশ্বাস রাখে। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী লুসিয়ান পাই রাজনৈতিক সংস্কৃতিকে রাজনৈতিক প্রক্রিয়ার মূলনীতি হিসেবে নাগরিকদের মৌলিক মূল্যবোধ, জ্ঞান ও অনুভূতির সংমিশ্রণ হিসেবে সংজ্ঞায়িত করেছেন। অন্য কথায় এটি মানুষের সরকার, নীতি এবং নেতৃত্বের প্রতি বিশ্বাস ও আবেগের প্রতিফলন।

    সংস্কৃতির ধারণা যেভাবে মানুষের জীবনধারা, মূল্যবোধ, রীতিনীতি, শিল্প-সাহিত্য এবং সামাজিক আচরণের সমষ্টি; ঠিক তেমনি রাজনৈতিক সংস্কৃতিও সমাজের রাজনৈতিক জীবন ও চর্চার ফলাফল। রাজনীতি হলো ক্ষমতার বণ্টন ও পরিচালনার ব্যবস্থা—কে শাসন করবে, কিভাবে করবে এবং কারা নেতৃত্ব দেবে। ইতিহাস দেখায়, সংস্কৃতি রাজনৈতিক কাঠামোর আগে গড়ে ওঠে এবং রাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে।

    বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিনের অভিজ্ঞতা, আদর্শ ও মূল্যবোধের সমষ্টি। এখানে জনমতের গ্রহণ, নেতৃত্বের ধরন এবং ক্ষমতার প্রয়োগের ধরন আগের সরকারের অভিজ্ঞতার ওপর নির্ভর করে ভিন্ন রূপ নেয়। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে দেখা গেছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা, ইতিহাসের উপস্থাপন এবং দলীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রীয় প্রতীক পরিবর্তনের প্রবণতা লক্ষ্য করা যায়। রাজনৈতিক নেতৃত্ব প্রায়ই বক্তৃতা ও প্রভাবশালী কৌশলের মাধ্যমে জনমতকে প্রভাবিত করে কখনো সংকীর্ণ বা ব্যক্তিকেন্দ্রিক, কখনো অংশগ্রহণমূলক বা বিষয়ভিত্তিক।

    স্বৈরাচারী মানসিকতা অনেক সময় ব্যক্তিনির্ভর রাজনীতির মাধ্যমে শক্তিশালী হয়। যখন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র কমে যায় এবং নেতৃত্ব প্রশ্নাতীত হয়ে ওঠে, তখন সমালোচনা বা বিকল্প নেতৃত্বের বিকাশ থেমে যায়। এটি শুধু এক দলের সমস্যা নয়; উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিকেন্দ্রিকতার একটি ঐতিহাসিক বাস্তবতা। ফলে ক্ষমতার সঙ্গে আত্মসমালোচনার সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এবং রাজনৈতিক সংস্কৃতিতে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে ওঠে।

    বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সংস্কৃতিতে এই ব্যক্তিকেন্দ্রিকতা, দলীয়করণ এবং ক্ষমতার দ্বন্দ্ব সবসময় দৃশ্যমান। গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে হলে নাগরিক অংশগ্রহণ, স্বচ্ছ নেতৃত্ব ও দায়িত্বশীল রাজনীতি শক্তিশালী করতে হবে—যাতে ব্যক্তিনির্ভর শাসন ব্যবস্থার প্রভাব কমে এবং স্বৈরাচারী প্রবণতা নিয়ন্ত্রণে থাকে।

    গত পনেরো বছরে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং আর্থ-সামাজিক প্রবৃদ্ধি দৃশ্যমান হলেও সেই উন্নয়ন সমাজের প্রতিটি স্তরে সমানভাবে পৌঁছায়নি। এর ফলে সামাজিক কাঠামো ও মানুষের মানসিকতায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা গঠনশীল পরিবর্তনের পাশাপাশি গভীর উদ্বেগের কথাও বলে। উন্নয়নের সুফল সবার কাছে না পৌঁছানো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা সীমাবদ্ধ হওয়া এবং জবাবদিহিতার অভাব সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা বৃদ্ধি করেছে, যা সমাজের ভিত মজবুত রাখার পরিবর্তে ভাঙনের ভেতর ঠেলে দিয়েছে।

    একদিকে যেখানে মানুষ উন্নয়নের সুফল আশা করেছিল, অন্যদিকে সেখানে তীব্র সামাজিক বৈষম্য, আর্থিক অনিয়ম ও দুর্নীতির মতো বাস্তবতা মানুষের মানসিক চাপ বাড়িয়েছে। এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয়; সামাজিক চিন্তা ও মর্যাদা সম্পর্কেও গাঢ় অনিশ্চয়তা তৈরি করেছে। জনমতের স্বাধীনতা ও মতপ্রকাশের সুযোগও সংকুচিত হয়েছে—নির্বাচন, প্রকাশনাধীন গণমাধ্যম, প্রকাশিত মতামত ও সামাজিক আন্দোলনের ওপর নানা প্রতিবন্ধকতা স্বাধীনতার জায়গা সীমিত করেছে এবং ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সামাজিক কর্মীদের ওপর আচরণ, বিচার ব্যবস্থা ও প্রশাসনের দমনমূলক প্রয়োগ ও আইনি প্রকৌশলের ব্যবহার একটি ভয়াবহ সংকেত হয়ে দাঁড়িয়েছে। স্বাধীন মতামত প্রকাশ, সমালোচনা বা নজিরবিহীন আওয়াজ তুলে ধরা আজ অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে সমাজে নীরবতার প্রবণতা জন্ম নিয়েছে।

    এছাড়া রাজনৈতিক মেরুকরণ—বিশেষত মুক্তিযুদ্ধের ইতিহাস ও আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার—একটি বড় সামাজিক বিভাজনের কারণ হিসেবে দেখা গেছে। ইতিহাস, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মুল্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ফলে সামাজিক ঐক্য দুর্বল হয়েছে এবং জনমতের ভেতর বিভাজনের জায়গা তৈরি হয়েছে। এমনকি ঐতিহাসিক স্মৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ কখনও কখনও রাজনৈতিক চরম রূপ নিয়েছে।

    এ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষ মনে অবিশ্বাস পোষণ করেছে। নিরাপত্তা বাহিনীর আচরণ, কঠোর আইন প্রয়োগ ও বিচারের বাইরে ব্যবস্থা সামাজিক নিরাপত্তার অনুভূতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং নিরাপত্তাহীনতার ধারণা তৈরি করেছে।

    এই অভিজ্ঞতা স্পষ্ট করে দেয় যে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অবকাঠামোগত উন্নয়ন সমাজের মানসিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পারে না। সত্যিকারের সামাজিক পরিবর্তন তখনই টেকসই হয়, যখন নাগরিকদের মৌলিক অধিকার—মতপ্রকাশ, সমালোচনা, স্বাধীনতা ও ন্যায়বিচার—জীবন্ত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত থাকে। কারণ মানুষের অন্তর্দৃষ্টি, স্বাধীন চিন্তা ও বিশ্বাসমূলক অংশগ্রহণই একটি সমাজকে আত্মবিশ্বাসী ও মনোবলশালী করে তোলে।

    বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মুক্তিযুদ্ধ একটি অবিসংবাদিত ও চিরস্থায়ী সত্য। এটি শুধু একটি সামরিক সংঘাত নয়; এটি ছিল পরাধীন জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধারের অগ্নিপরীক্ষা, ভাষা ও সংস্কৃতির সুরক্ষার অঙ্গীকার এবং স্বাধীন সত্তার প্রতিষ্ঠার এক অনন্য অধ্যায়। এই যুদ্ধের আত্মা ও স্বপ্নই দেশে সংবিধানিক চেতনা, মানবাধিকারের মূলনীতি ও জাতীয় পরিচয়ের ভিত্তি নির্মাণ করেছে। তাই মুক্তিযুদ্ধের আদর্শ—স্বাধীনতা, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সমঅধিকার—সবসময়ই জনমতের কেন্দ্রে থেকেছে।

    কিন্তু বিভিন্ন সময়ে এই ঐতিহাসিক মূল্যায়নকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যা জাতীয় ঐক্যকে সুদৃঢ় করার বদলে বিভাজনের উপাদান হিসেবে কাজ করেছে। সাম্প্রতিক অতীতে মুক্তিযুদ্ধের প্রশ্নে অতিরঞ্জন, বিরোধীদের ওপর চাপ প্রয়োগ এবং ক্ষমতা দীর্ঘমেয়াদি করার চেষ্টার অভিযোগও উঠেছে, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ সৃষ্টি করেছে।

    যখন নির্বাচন মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া আসে যেমন: সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন—তখন রাজনৈতিক বিতর্ক ও জনমতের অভিব্যক্তি নতুন তাৎপর্য খুঁজে পায়। নির্বাচন কেবল একটি দলীয় শক্তির পরিচায়ক নয়; এটি জনগণের বিশ্বাস ও আশা-আকাঙ্ক্ষার সমষ্টিগত প্রকাশ।

    যোগাযোগের মাধ্যম—মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রকাশিত মতামত—সমাজের চরিত্র প্রতিফলিত করে। যেখানে মতভেদকে সহ্য করা হয় না, সমালোচনাকে শত্রুতা হিসেবে দেখা হয়, এবং দলীয় পরিচয়কে নৈতিকতার মানদণ্ড হিসেবে উপস্থাপন করা হয়—সেখানে সামাজিক বিভাজন বৃদ্ধি পায়। তরুণ প্রজন্মের মধ্যে এই ধারণা আরও জোরদার হয়, যেহেতু স্বাধীন বিতর্কের সুযোগ কমে গেলে ভবিষ্যতের নেতৃত্বের মানসিকতা সংকীর্ণ হয়ে ওঠে।

    সার্বিকভাবে, বাংলাদেশের সামাজিক ও মানসিক প্রতিফলন আমাদের স্মরণ করিয়ে দেয়—সত্যিকার উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক অগ্রগতি নয়; বরং একটি সহিষ্ণু, সমালোচনাশীল ও অংশগ্রহণমূলক সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিকের মতামত ও অধিকার সমভাবে মূল্যবান।

    ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি কেবল রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়; বরং একটি বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ—যা মূলতঃ আইনের শাসন, প্রতিষ্ঠান সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর নির্ভরশীল। আগের সরকারের অভিজ্ঞতা আমাদের শেখায়, পুরনো বন্দোবস্ত বা ‘ভুল শাসনের’ পুনরাবৃত্তি রুখে দিয়ে একটি নতুন গণতান্ত্রিক ধারায় এগোনোর জন্য স্থায়ী সংস্কার অপরিহার্য।

    অন্তর্বর্তীকালীন সরকার, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে। এটি কেবল ক্ষমতা হস্তান্তর নয়; বরং রাষ্ট্রীয় জীর্ণ কাঠামো সংস্কারের, ভারসাম্য রক্ষার এবং প্রতিষ্ঠানগুলোকে স্বাবলম্বী করার একটি বড় সুযোগ। একই সময়ে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তরুণ নেতৃত্ব জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের মাধ্যমে নতুন শক্তির বিকাশের সম্ভাবনা তৈরি করেছে।

    তবে এই সময়টি শুধু সুযোগ নয়; পুরনো অভিজ্ঞতার পুনরাবৃত্তির শঙ্কাও স্পষ্ট। কিছু রাজনৈতিক মহল যদি পুরনো রাজনৈতিক সংস্কৃতি, স্বৈরতান্ত্রিক মানসিকতা বা সংকীর্ণ স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তবে আগের ভুলগুলো পুনরায় ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। অতীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, মতপ্রকাশের সুযোগ সীমিত হওয়া এবং জবাবদিহির অভাব জনগণের আস্থাকে কমিয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরাপত্তা অস্থিরতা ও সামাজিক বিভাজন আবারও সেই পুরনো অভিজ্ঞতার পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়।

    বর্তমান সময়টি এক প্রকার সন্ধিক্ষণ। যদি জুলাই সনদ বা ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করা না হয়, তবে এই পরিবর্তন পুরনো বৃত্তে আটকে যেতে পারে। রাজনৈতিক পালাবদল বা ক্ষমতার পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে গণতন্ত্র ফিরিয়ে আনে না; যদি একই কেন্দ্রীভূত মানসিকতা অব্যাহত থাকে, কেবল নেতৃত্ব বদলায়—সংস্কৃতি বদলায় না।

    অতএব প্রশ্নটি ব্যক্তি নয়, সংস্কৃতির। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিলে ভবিষ্যৎ সরকারও একই ভুলের পুনরাবৃত্তি করতে পারে। সুতরাং এখন সময়, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার, যাতে জনগণ বিশ্বাস ও অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই গণতান্ত্রিক সংস্কৃতির ভিত্তি স্থাপন করতে পারে।

    বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আমাদের সামনে একটি সুস্পষ্ট পাঠ রেখে দিয়েছে—গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি মানসিকতা ও সামাজিক সংস্কৃতি, যা প্রতিদিনের জীবনে নাগরিকদের আচরণ, শিক্ষা, অংশগ্রহণ ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবন্ত থাকে। গত পনেরো বছর ধরে অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন বা অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট নয়; বরং মানুষের মননশীলতা, নেতৃত্বের জবাবদিহিতা এবং সমাজের মধ্যে সহনশীলতা ও স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।

    প্রথমত, আত্মসমালোচনা ও ইতিহাসচর্চা জনগণকে তার ভুল ও ইতিবাচক অভিজ্ঞতার সঙ্গে সরল মন দিয়ে সম্মুখীন হতে শেখাতে হবে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে যেসব ভুল ও অসংগতি ঘটেছে, সেগুলোর বিশ্লেষণ শিক্ষণীয়। শুধুমাত্র ভুলগুলো অস্বীকার না করে, সেগুলো থেকে শিক্ষা নেওয়াই গণতন্ত্রকে শক্তিশালী করে—এটাই প্রকৃত মনের পরিবর্তন। একটি সমাজ নিজের ইতিহাসকে গভীরভাবে বুঝতে পারলে তবেই তা ভবিষ্যতের নীতিমালা ও সংস্কৃতিতে তার শিক্ষা প্রতিফলিত করতে সক্ষম হয়।

    শিক্ষাব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সমালোচনামূলক চিন্তা ও যুক্তিবাদী মনোভাব বৈধ ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত হয়। শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য সরবরাহ নয়; এটি হওয়া উচিত যুক্তিবাদ, নৈতিকতা, সহিষ্ণুতা এবং গণতান্ত্রিক চেতনা বিকাশের একটি কার্যকর হাতিয়ার। নাগরিকরা যদি বিশ্লেষণধর্মী চিন্তা ও মতভেদের প্রতি সহনশীল হয়, তবে সমাজে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সমঝোতার সংস্কৃতি গড়ে উঠবে, যা গণতন্ত্রকে স্থায়ী করবে। সমাজের প্রতিটি স্তরে — পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন — এই মূল্যবোধগুলোকে সজীবভাবে চর্চা করতে হবে, তবেই জনগণ জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারবে।

    রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কাঠামোতে গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছ নেতৃত্ব গড়ে তোলা অপরিহার্য। একটি রাজনৈতিক দল যদি তার অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক না করে, তবে সেটি সর্বোচ্চ পর্যায়েও একই ভুলের পুনরাবৃত্তি করতে পারে। আসল গণতন্ত্র তখনই সম্ভব যখন প্রতিটি দলের সদস্যই সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবে, নৈতিক দায়িত্ববোধ তৈরি করবে এবং নেতাদের জনগণের সামনে জবাবদিহি নিশ্চিত করবে — শুধুমাত্র ক্ষমতা দখল নয়।

    অবশেষে, নাগরিক সাহস, সহনশীলতা ও অংশগ্রহণ হচ্ছে গণতন্ত্রের জীবন্ত ভিত্তি। গণতন্ত্র শুধু রাজনৈতিক স্লোগান নয়; এটি একটা দৈনন্দিন চর্চা, যেখানে প্রতিটি নাগরিক তার মতামত প্রকাশের স্বাধীনতা, সমালোচনার অধিকার এবং দায়িত্বশীল আচরণের মধ্যে দিয়ে নিজেকে রাষ্ট্রের অংশ হিসেবে অনুভব করে। তরুণ সমাজের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ ২০২৪-এর আন্দোলনে স্পষ্ট হয়েছে যে, তারা গণতান্ত্রিক সংস্কৃতিকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। কিন্তু এটি কার্যকর হবে তখনই, যখন তারা সহনশীলতা, সংলাপ, এবং সমঝোতার পথে এগোবে—যাতে ভিন্নমতও গণতন্ত্রের অংশ হিসেবে স্বীকৃত হবে।

    সর্বোপরি, বাঙালি সমাজকে গণতন্ত্রকে শুধুই একটি রাজনৈতিক কাঠামো হিসেবে নয়, বরং একটি মানবিক ও সাংস্কৃতিক আদর্শ হিসেবে পুনর্বিচার করতে হবে। নৈতিক দায়িত্ব, যুক্তিসম্মত সংলাপ, স্বাধীন মতামত প্রকাশ এবং নেতৃত্বের জবাবদিহিতা—এসব গুণই হবে সেই ভিত্তি, যা গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি টেকসই, দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক সমাজের অগ্রযাত্রা নিশ্চিত করবে।

    স্বৈরাচারী মানসিকতা রাতারাতি তৈরি হয় না; ঠিক তেমনই এটি সহজে দূরও হয় না। এর ভাঙন শুধু রাজনৈতিক সমঝোতা নয়—এটি একটি গভীর মানসিক ও সাংস্কৃতিক রূপান্তর যা আত্মসমালোচনা, সাহস এবং ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠান গঠনের মধ্য দিয়ে আসে। গতকালকের অভিজ্ঞতা আমাদের স্পষ্টভাবে বলে দিয়েছে—ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ সাময়িক স্থিতি এনে দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে ফেলতে পারে।

    সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তনগুলি, বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও তার পরবর্তী পরিস্থিতি, একটি গণতান্ত্রিক পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে। এটি শুধুমাত্র একটি সরকার পাল্টানো নয়; বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা, যেখানে আইনশৃঙ্খলা, প্রতিষ্ঠানগত স্বাধিকার, মানবাধিকার ও নাগরিক আস্থার পুনর্বাসন হবে প্রধান অগ্রাধিকার। এই পরিবর্তন বাস্তবায়িত করতে হলে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর যথেষ্ট নয়; প্রয়োজন প্রতিষ্ঠান সংস্কার, স্বাধীন নির্বাচন, বিচারব্যবস্থা ও প্রশাসনের স্বচ্ছতা—এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা নিশ্চিত করা। ঐতিহাসিকভাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতির পুনর্গঠন ছাড়া গণতন্ত্রের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব সম্ভব নয়, এমনটাই দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইঙ্গিত দিয়েছেন।

    বর্তমান প্রেক্ষাপটে জনগণ প্রমাণ করেছে যে তারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির বাইরে আরো জবাবদিহি, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা চান। ২০২৬ সালের প্রথম প্রকৃত জাতীয় নির্বাচন, যেখানে সরকারীভাবে সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের জন্য গণভোটও হয়েছে, তা জনগণের রাজনৈতিক আস্থা ফিরে আনতে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    ঢাকার আইসিইউতে দ্রুত ছড়াচ্ছে ওষুধ-প্রতিরোধী ‘সুপারবাগ’ সি অরিস

    মার্চ 4, 2026
    বাংলাদেশ

    ধানমন্ডির বিতর্কিত সেই শত কোটির জমির গেজেট বাতিল করল মন্ত্রণালয়

    মার্চ 4, 2026
    বাংলাদেশ

    মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.