মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিভিন্ন দেশে ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে করেই আটকে থাকা যাত্রীরা দেশে ফেরেন।
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।
এরপর একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয় এবং যাত্রীদের নিয়ে দেশে পৌঁছায়।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে।
এই ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস এবং এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
বিশেষ করে যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

