পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্তভাবে ১৮ মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার ঈদকে ঘিরে টানা সাত দিনের ছুটি কার্যকর হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন কার্যত ছুটি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখকে সামনে রেখে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই পরিকল্পনা অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত ছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছিল।
এখন নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণা হওয়ায় ঈদের আগে টানা চার দিনের ছুটি কার্যকর হবে। কারণ এর আগের দিন ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে শবে কদর, ঈদের দিন এবং ঈদের পরের দুই দিনের ছুটি মিলিয়ে মোট সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

