চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ অক্টোবর ২০২৫ নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এর আইনগত মতামতের ভিত্তিতে ভোটগ্রহণ পুনরায় চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনের দিনে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচিত হবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।
চেম্বারের নির্বাচন মূলত গত বছরের ১ নভেম্বর হওয়ার কথা ছিল। তবে রিট মামলার কারণে ২৪ অক্টোবর ২০২৫ হাইকোর্ট ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে স্থগিতাদেশ জারি করে। পরে আপিল আদালতে শুনানি শেষে নির্বাচন আয়োজন অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে ১২ ডিসেম্বর ২০২৫ হাইকোর্ট সেই রিট আবেদন খারিজ করলে নির্বাচনের বাধা কেটে যায়। ফলে এবার ব্যবসায়ী সমাজের দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

