জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে প্রসিকিউটর এস এম মইনুল করিম বলেন, “আবু সাঈদ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষণার দিন আগামী ৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।” মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক। বাকিদের মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁরা হলেন:
-
সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
-
সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান
-
রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ
-
পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন
-
সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়
-
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ

