ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি আসনের ভোটের বিস্তারিত ফলাফল গতকাল বুধবার (৪ মার্চ) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে প্রতিটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা, ভোটগ্রহণের হার, প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা সবই উল্লেখ করা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। একরাতে সেই ফলাফলের ভিত্তিতে সরকারি গেজেটও প্রকাশ করা হয়। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংবিধান সংশোধনের বিষয়ে জাতীয় গণভোটও সম্পন্ন হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান বেসরকারি হিসাব অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।
তিনি আরও জানান, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও চট্টগ্রামের দু’টি আসন—চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আদালতের নির্দেশে এখনও ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের এই কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

