দেশে সপ্তাহের শুরুতে আকাশ প্রধানত শুষ্ক থাকলেও সপ্তাহের শেষ দিকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৯ মার্চ থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১০ মার্চ থেকে এই বৃষ্টির পরিধি কিছুটা বিস্তৃত হয়ে ঢাকা বিভাগ পর্যন্ত পৌঁছতে পারে।
শুক্রবার (৬ মার্চ) সকাল আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিনে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আজ (৬ মার্চ) সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
৭ মার্চ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।
৮ মার্চ রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
৯ মার্চ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১০ মার্চ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছে।

