বৈষম্যহীনতা ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত না হলে দেশের তরুণরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ।
তিনি বলেন, “এনসিপি শুধু ক্ষমতা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী নয়; বরং সংস্কার ও ন্যায়বিচারের রাজনীতি করতে চায়। যদি অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা এবং গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত না হয়, তবে দেশের তরুণরা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির যাত্রা শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি এনসিপিকে নিয়ে প্রকাশিত প্রথম গ্রন্থ।
এ সময় নাহিদ ইসলাম বলেন, এনসিপি কোনো আকস্মিকভাবে গড়ে ওঠা দল নয়; বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টার ফল। তার ভাষায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল রাজপথের শক্তি আর নাগরিক কমিটি ছিল তরুণ নেতৃত্বের প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, ২০২৪–২৫ সময়কালটি বিশ্বজুড়ে জেন-জি আন্দোলনের বছর হিসেবে দেখা যাচ্ছে। নেপালসহ বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন সফল হয়েছে এবং বাংলাদেশেও সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘এনসিপির যাত্রা’ বইটি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, এনসিপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক পরিসরে নানা অপপ্রচার চলছে। তার মতে, এই বইটি পড়লে সাধারণ মানুষ ও গবেষকেরা দলটির অবস্থান ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম এবং প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মুজাহিদুল ইসলাম শাহিন এবং এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বইটিতে এনসিপির প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে দলের রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের ধারাবিবরণী তুলে ধরা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বিষয়গুলোও এতে স্থান পেয়েছে।
লেখক মাহাবুব আলম জানান, গ্রন্থটিতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনামলের একটি সমালোচনামূলক বিশ্লেষণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তার মতে, এই বিশ্লেষণ বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে পাঠকদের সহায়তা করবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‘এনসিপির যাত্রা’ বইটি এনসিপির রাজনৈতিক কর্মসূচি, বক্তব্য ও সংগঠনিক কার্যক্রমের একটি প্রামাণ্য দলিল হিসেবে দলটির শুরুর সময়কার কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র পাঠকের সামনে তুলে ধরবে।

