সম্প্রতি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত করেছে। সংস্থাটি যাত্রীদের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে।
রাষ্ট্রীয় এয়ারসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল শুক্রবার (৬ মার্চ) ট্রাভেল এজেন্সিগুলোকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব রুটে ৮ মার্চ পর্যন্ত ফ্লাইট বাতিল থাকবে।
বিমান সংস্থার সূত্র জানায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এপর্যন্ত ঢাকা থেকে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশপথে উত্তেজনা ও ঝুঁকি অব্যাহত থাকায় যাত্রীরা নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল ফ্লাইটগুলো পুনঃনির্ধারণ করা হবে।

