আজ শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত উৎসবের উদ্বোধন করা হয়েছে। উৎসব শুরু হয় বেলুন উড়িয়ে, জাতীয় পতাকা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। জাতীয় পতাকা উত্তোলন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খান। জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা গণিত উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর বক্তৃতা দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি মো. এহতেশামুল হক খান এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
উৎসবের মূল প্রতিপাদ্য ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে। প্রাইমারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ২ ঘণ্টা, জুনিয়র পর্যায়ের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট, আর সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি পর্যায়ের জন্য ৩ ঘণ্টা নির্ধারিত হয়েছে। পরীক্ষার পর শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
জাতীয় গণিত উৎসবের ফলাফল পরে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য ঈদের পর পুরস্কার বিতরণ ও গণিত ক্যাম্পের আয়োজন হবে। উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকাশনা ও বিজ্ঞানবিষয়ক স্টল ঘুরে দেখছে যেমন: প্রথমা প্রকাশন, আদর্শ, তাম্রলিপি, স্বপ্ন ’৭১, ল্যাববাংলা, তৌফিক প্রকাশন, দ্বিমিক, রকমারি ডটকম, অন্যরকম বিজ্ঞানবাক্স, বাংলার ম্যাথ এবং প্রতিভাষা। স্বাস্থ্য সেবার জন্য উপস্থিত আছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড।
এই বছর জাতীয় গণিত অলিম্পিয়াডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫১ হাজার ৫৩২ শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছে। বাছাই পর্ব শেষে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় উৎসব। জুলাই মাসে চীনে অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের দল নির্বাচিত হবে বিশেষ গণিত কর্মশালার মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষকবৃন্দ; পাশাপাশি শিক্ষাবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা।

