ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি তাদের সংসদ সদস্যদের জন্য দুইদিনব্যাপী বিশেষ কর্মশালা আয়োজন করেছে। আজ শনিবার (৭মার্চ) গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার দ্বিতীয় দিন শুরু হয়েছে।
সকালের পর্বে স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্বে অংশ নেন ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা। বিকেলের সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুকসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সরকারি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পর্যায়ের নেতারা। এছাড়া বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু এমপি অংশগ্রহণ করেছিলেন।
একজন সংসদ সদস্য জানান, কর্মশালার মূল উদ্দেশ্য হল দলের সংসদ সদস্যদের সংসদের কার্যপ্রণালী, বিধি-বিধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিচিত করা।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি এই অধিবেশন আহ্বান করেছেন। ত্রয়োদশ সংসদে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জন নতুন।

