খুলনা নগরীতে এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লবণচরা থানার নিজখামার এলাকায় চেকপোস্টে ওই নারীকে আটক করা হয়।
কেএমপির লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল।
আটক নারী সুরাইয়া পারভীন সুমী (৩৭) সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের কন্যা।
ওসি তুহিনুজ্জামান বলেন, “সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে তল্লাশি করার সময় তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলোর মধ্যে জাপান ও ব্রিটেনের তৈরি পিস্তল রয়েছে।”
তিনি আরও জানান, এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, সুমী কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছেন এবং এগুলো কোথায় নেওয়া হচ্ছিল। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি বড় অবৈধ অস্ত্র চালান। এ ঘটনায় কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদারকি করেছেন।

