সাইবার স্পেসে জুয়া ও অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।
আজ সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন মঞ্জুর করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনপত্রে বলা হয়েছে, সিটি ব্যাংক পিএলসির সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারণার শিকার হয়ে পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৫১ লাখ ১২ হাজার টাকা জমা দিয়েছেন।
আবেদনপত্রে আরও বলা হয়েছে, ওয়াজিহ উদ্দিনের সঙ্গে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার এবং আরও ৬১ জন ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানগুলোর ৫৯৫টি ব্যাংক হিসাব পর্যালোচনায় মোট প্রায় ১,২১২ কোটি টাকা জমা এবং ১,২০৭ কোটি টাকা উত্তোলনের নজির পাওয়া গেছে।
লেনদেনের বিশদ পর্যালোচনায় দেখা গেছে, এসব হিসাব অনলাইন প্রতারণা, সাইবার জুয়া ও গেমিং, বেটিং, হুন্ডি, দেশি-বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টোকারেন্সি লেনদেন এবং শুল্ক ফাঁকির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই অবরোধের সিদ্ধান্ত জরুরি বলে সিআইডি মনে করছে।

