সরকার বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানও রয়েছেন। অবসরে যাওয়া অন্য চার কর্মকর্তা হলেন— আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ভুঞা এবং মো. তওফিক মাহবুব চৌধুরী।
তথ্য অনুযায়ী, আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর মো. মাসুদুর রহমান ভুঞা পুলিশ সদর দপ্তরে টিআর পদে কর্মরত ছিলেন। অন্যদিকে তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

