পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের এক প্রতিনিধিদল। আজ সোমবার (৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের প্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন। সাক্ষাতে নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন প্রতিনিধিদল প্রধান।
দলের প্রধান বলেন, পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ, দায়িত্ব পালনকালে বডিওর্ন ক্যামেরার ব্যবহার এবং নিরাপত্তা দায়িত্বসংক্রান্ত ‘পকেট বুক’ কার্যকর ভূমিকা রেখেছে। এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পক্ষ থেকে আইজিপির কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করেন।
আইজিপি বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি জানান, বিভিন্ন দেশ, সংস্থা ও প্রতিষ্ঠান থেকে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

