রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে চলতি বছর চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামী ৩ মে। এ সম্মেলন শেষ হবে ৬ মে।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা আজ সোমবার (৯ মার্চ) ডিসি সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিতে সব সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের চিঠি পাঠিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩-৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন।
জেলা প্রশাসক সম্মেলন চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবেরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রীর অনুমোদিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয় সম্পর্কিত অধিবেশনহবে বলে চিঠিতে জানানো হয়েছে। সরকারের নীতি-নির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
২০২৪ ও ২০২৫ সালে দু’টি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন হয়েছে যথাক্রমে মার্চ ও ফেব্রুয়ারি মাসে।
জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে এ বছর (২০২৬ সাল) ডিসি সম্মেলনের প্রস্তুতি নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার।

