রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম, পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে রোববার (৮ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আটক জেলেদের মধ্যে ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আটকৃতরা হলেন—শাহাবুদ্দিন (৪৫), মিরাজ হোসেন (২৩), ইব্রাহীম (২৪), রাসেল (৩৫), সুলাইমান (২৫), সাইদুল ইসলাম (৩০), আরিফ (৩২), জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), শাহ আলম (৪৩), আনিচ (৩৭), আমিন (৩০) ও সাকিল মাঝি (৩০)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

