মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী শ্রমিক ও ভিজিট ভিসাধারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে কুয়েত সরকার। মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর পাশাপাশি দেশে ফিরতে না পারা শ্রমিক ও কর্মীদের জরিমানা ছাড়াই তিন মাস পর্যন্ত অনুপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং এক স্পষ্টীকরণ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বিশেষ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় মেয়াদোত্তীর্ণ বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কার্যকর হবে এবং এর জন্য রেসিডেন্সি বিভাগে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই।
বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় এই বর্ধিত মেয়াদের জন্য নির্ধারিত কোনো ফি দিতে হবে না এবং এ কারণে কোনো ধরনের জরিমানাও আরোপ করা হবে না।
এ ছাড়া কুয়েতে বসবাসরত যেসব ব্যক্তি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং যাদের কুয়েতে ফেরার অনুমোদিত সময়সীমা ইতোমধ্যে অতিক্রম করেছে, কিন্তু পরিস্থিতির কারণে তারা দেশে ফিরতে পারছেন না, তাদের জন্যও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তিন মাস পর্যন্ত অনুপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে।
এই অনুমতি কার্যকর করতে কোনো ধরনের সশরীর উপস্থিতি বা নির্ধারিত ফি দেওয়ার প্রয়োজন হবে না।

