চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পশ্চিম অঞ্চলের সাবেক উপকমিশনার মো. কোহিনূর মিয়াকে পুনর্বহাল করেছে সরকার।
একই সঙ্গে তাঁর বরখাস্তের সময়কালকে চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিধি অনুযায়ী তিনি বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।
সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুটি বিভাগীয় মামলায় করা আপিল পর্যালোচনার পর কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া আগের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে।
একই অভিযোগের ভিত্তিতে দায়ের করা দুটি ফৌজদারি মামলা আদালতে নিষ্পত্তি হওয়ার পর কোহিনূর মিয়া বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি পুনরালোচনা আবেদন করেন।
আবেদনটি পর্যালোচনা করার পর রাষ্ট্রপতি বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বরখাস্তসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

