ফাল্গুন মাস শেষ হওয়ার আগেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। সোমবার (৯ মার্চ) দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
গতকাল দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া মোংলায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কিশোরগঞ্জের নিকলী ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের মতে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
তাপমাত্রার তথ্য অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদী ও খুলনায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

