দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি শিক্ষকদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় যুক্ত করতে প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল সোমবার (৯ মার্চ) রাতে শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়ার প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী শিক্ষকদের জন্য “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শিক্ষকদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিয়ে পাঠদান প্রক্রিয়াকে আরও আধুনিক করার লক্ষ্য রয়েছে।
একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষাসামগ্রী, গবেষণা তথ্য এবং অন্যান্য শিক্ষামূলক কনটেন্ট সহজে ব্যবহার করতে পারবে বলে মনে করা হচ্ছে। এছাড়া শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম পর্যালোচনা করার উদ্যোগও নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শিক্ষাখাতের উন্নয়নে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী ১৮০ দিন বা ছয় মাসের একটি কর্মপরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে।
এই কর্মপরিকল্পনার বিস্তারিত রূপরেখা তৈরির জন্য সোমবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর আরও দ্রুত এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা প্রযুক্তির সুবিধা ব্যবহার করে আরও কার্যকরভাবে পড়াশোনা করতে পারবে।

