গতকাল সোমবার অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান পুলিশ সদর দপ্তর।
আজ মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি মূলতঃ বলতে চেয়েছেন, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতো অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, নির্যাতিত এবং অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা চাকরি হারানো পুলিশ সদস্যসহ অনেকেই রাজপথে ছিলেন। আইজিপি নিজেও সেসময় ওই আন্দোলনে শরিক হয়েছিলেন। ওই প্রেক্ষাপটেই তিনি মন্তব্যটি করেছিলেন বলে জানানো হয়।
বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক বলেও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সবাইকে আইজিপির পূর্ণ বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনার আহ্বান জানানো হয়েছে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইজিপির বক্তব্য প্রচার হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমেও জুলাই নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের ‘গণ-অভ্যুত্থান বা জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। আমরাও এই আন্দোলনের অংশগ্রহণ করেছি। ২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে’- এমন বক্তব্য প্রচার করেছে।

