আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময় দেশের সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিশেষভাবে ল্যাবরেটরি, ওয়ার্কশপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করার ওপর জোর দেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত একটি আদেশ গতকাল সোমবার (৯ মার্চ) জারি করা হয়। আদেশে বলা হয়েছে, সরকারি ছুটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত অধিদপ্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আদেশে আরও বলা হয়েছে, ছুটিকালীন সময়ে প্রতিষ্ঠানের ভবন, ওয়ার্কশপ, ল্যাবরেটরি ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুনির্দিষ্ট ‘ডিউটি রোস্টার’ তৈরি করে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি রোস্টার অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম গ্রহণের তথ্য দ্রুত অধিদপ্তরকে জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মূল্যবান সরঞ্জাম, যন্ত্রপাতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হবে।

