দেশে আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান মজুত ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় আগামী মে মাস পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাত স্বাভাবিকভাবে পরিচালনা করার সক্ষমতা রয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকার বর্তমানে জ্বালানি তেল কিংবা বিদ্যুতের মূল্য সমন্বয়ের কোনো পরিকল্পনা করছে না। সরবরাহ ব্যবস্থাপনা ঠিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মজুত পরিস্থিতিও সন্তোষজনক।
তিনি আরও জানান, বাংলাদেশে অতীতেও বড় ধরনের জ্বালানি সংকট দেখা যায়নি এবং বর্তমানে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মানুষের মধ্যে যে উদ্বেগ বা গুজব ছড়িয়েছে, তা দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জ্বালানি আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে প্রতি মাসে গড়ে প্রায় ১৫ হাজার টন জ্বালানি বাংলাদেশে আসছে। এই পরিমাণ আরও বাড়ানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংঘাত দীর্ঘায়িত হলেও তাৎক্ষণিকভাবে বাংলাদেশের জ্বালানি সরবরাহে বড় কোনো সমস্যা হবে না। সরকারের হিসাব অনুযায়ী অন্তত আগামী মে মাস পর্যন্ত খাতটি স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব। ব্রিফিংয়ে তিনি জনগণকে গুজব বা বাজারের অস্থিরতা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকার পর্যাপ্ত জ্বালানি মজুত ও সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে।

