মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি চালু থাকবে।
এই সময়ের মধ্যে তিনটি শিফটে দায়িত্ব পালন করবেন মোট ২১ জন কর্মকর্তা এবং ৪২ জন কর্মচারী। প্রবাসীদের যেকোনো জরুরি তথ্য সংগ্রহ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা সমন্বয়ের কাজ করবে এই টিম।
নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে। পাশাপাশি ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান–১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। সেই সঙ্গে প্রবাসীদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে নির্ধারিত ফরম্যাটে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে প্রবাসীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নয়ন বা অবনতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম আরও বিস্তৃত করা হতে পারে।

