চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ইটভাটা চালু রাখার অভিযোগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া-কে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
নোটিশটি গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ডাকযোগে প্রেরণ করা হয়। মনজিল মোরসেদ জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শত শত অবৈধ ইটভাটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ২০২০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে রিট পিটিশন দায়ের করে। রিটের শুনানি শেষে ২০২০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট সব অবৈধ ইটভাটা বন্ধে রুল জারি করেন।
তবে জেলা প্রশাসকের তৎকালীন পদক্ষেপে সব ইটভাটা বন্ধ না হওয়ায় ২০২১ সালে এইচআরপিবি সম্পূরক আবেদন করে আদালতের কাছে অবমাননার অভিযোগ জানায়। পরে প্রায় শতাধিক অবৈধ ইটভাটা ভেঙে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। ২০২১ সালের ১৩ জুন তখনকার জেলা প্রশাসক ক্ষমা প্রার্থনা করেন এবং বাকি ইটভাটাগুলো বন্ধের প্রতিশ্রুতি দেন।
মনজিল মোরসেদ আরও বলেন, আদালতের একাধিক নির্দেশনা থাকা সত্ত্বেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আগে বন্ধ করা ইটভাটাগুলো আবার চালু হয়েছে। গণমাধ্যমের তথ্যমতে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গত ১৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, লোহাগাড়া উপজেলায় ৩৮টি ইটভাটার মধ্যে ৩৭টির কোনো লাইসেন্স নেই। এছাড়াও সাতকানিয়া, রাউজান, ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় শত শত অবৈধ ইটভাটা আদালতের নির্দেশ অমান্য করে চালু রয়েছে।
এসব তথ্যের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে সাত দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সব অবৈধ ইটভাটা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

