দেশজুড়ে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে যেখানে বরাদ্দ থেকে ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল, এখন সেই কমানোর হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) বিপিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যেও দেশের মানুষের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় রেশনিং পদ্ধতির আওতায় পেট্রোল ও অকটেনের সরবরাহ আগের তুলনায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনগুলোতে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কম তেল দেওয়া হচ্ছিল। এখন থেকে সেই কমানোর পরিমাণ কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে আগের তুলনায় পাম্পগুলো কিছুটা বেশি জ্বালানি পাবে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সিদ্ধান্তের ফলে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহের চাপ কিছুটা কমবে এবং ভোক্তারাও তুলনামূলকভাবে স্বস্তি পেতে পারেন।

