পাবনা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করেছেন বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিন। হাইকোর্ট তার আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম ও মাসুদ হাসান। পাবনা-৩ আসনে নির্বাচনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার।
এর আগে এই নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে ২৫টিরও বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট এসব আবেদনের শুনানির পাশাপাশি সংশ্লিষ্ট আসনের ব্যালট ও নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেয়।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দায়ের করা ‘নির্বাচনী’ আবেদনপত্রের শুনানি হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে নেওয়া হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায়, এই বেঞ্চের অধীনে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে ‘২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী আবেদনপত্রের শুনানি, রুল গ্রহণ ও অন্যান্য সংক্রান্ত কার্যক্রম’ পরিচালিত হবে।

