আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের ভেতরে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এই কমিটির মূল লক্ষ্য বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে নিজের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বিষয়টি জানান। চিফ প্রসিকিউটর বলেন, সম্প্রতি তাদের কাছে একটি অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
অভিযোগের প্রকৃত অবস্থা যাচাই করতে তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে সেই তথ্য অনুসন্ধান করে বের করা হবে। তিনি আরও জানান, তদন্তে যদি কারও বিরুদ্ধে প্রমাণভিত্তিক অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম বলেন, কমিটি ইতোমধ্যে বুধবার সকাল থেকেই তাদের কাজ শুরু করেছে। মঙ্গলবার এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত কমিটিতে চিফ প্রসিকিউটর ছাড়াও রয়েছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন গবেষণা কর্মকর্তা সিফাতুল্লাহ।

