ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। অধিবেশনের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
জাতীয় সংসদের নবম তলায় বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে আজ মঙ্গলবার (১১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে সংসদের বিধি অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের পর আবার সংসদের বৈঠক শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে। পরে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হবে এবং সেগুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, অধিবেশনে আইনমন্ত্রী একযোগে ৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন। এসব প্রক্রিয়া শেষে সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে সংসদের কয়েকটি স্থায়ী কমিটি গঠনও সম্পন্ন করা হতে পারে। সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি অধিবেশনের পর ১৫ মার্চ আরেকটি বৈঠক হতে পারে। এরপর ঈদুল ফিতরের ছুটির কারণে সংসদের কার্যক্রম কিছুদিনের জন্য স্থগিত থাকার সম্ভাবনা রয়েছে।

