চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আপিল বিভাগও হাইকোর্টের এই রায় বহাল রেখেছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বুধবার (১১ মার্চ) একই বেঞ্চ আদেশের দিন ঠিক করেছিল।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা ‘লিভ টু আপিল’ আবেদন খারিজ হওয়ায় এনসিটি পরিচালনার প্রক্রিয়া এখন বাধাহীনভাবে এগোতে পারবে। ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে আর কোনো আইনি প্রতিবন্ধকতার মুখোমুখি নয়।
এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আইনি চ্যালেঞ্জ এনেছিলেন যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান। গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট এই রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন। রুলে প্রশ্ন তোলা হয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আইন লঙ্ঘন করে দেশীয় অপারেটরদের অনুমতি না নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি কেন বৈধ হবে। এছাড়া কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান কেন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল।
রুলে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহীর প্রতি চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই টার্মিনাল পরিচালনার প্রক্রিয়া শুরু হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময়, পরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের আমলে আবার গতি পায়। তবে অনেকেই বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার অনুমোদন প্রদানের বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

