২০২৬–২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দিতে ইউরোপের দুই গুরুত্বপূর্ণ দেশ ডেনমার্ক ও জার্মানির কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছে বাংলাদেশ সরকার।
গতকাল বুধবার (১১ মার্চ) সচিবালয়ে পৃথক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ওই বৈঠকেই তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য তাঁদের সমর্থন প্রত্যাশা করেন।
সাক্ষাতের শুরুতে দুই রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও তাঁদের দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্ক ও জার্মানির দীর্ঘদিনের সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রগুলোতে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মসংস্থান ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও দুই পক্ষের আলোচনায় উঠে আসে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার বিষয়টিও গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে।

