রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬ পিস ইয়াবাসহ এনামুল হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।
গতকাল বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার এনামুল হাওলাদার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৬ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এনামুল হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে এনামুলের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

