জাতীয় সংসদের অধিবেশন কক্ষের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’ লেখা একটি আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এটি স্পিকারের আসনের পেছনের উঁচু দেয়ালে স্থাপন করা হয়।
জাতীয় সংসদের অধিবেশন কক্ষের সাজসজ্জায় নতুন সংযোজন হিসেবে পবিত্র কালেমা তাইয়্যিবার একটি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। স্পিকারের চেয়ারের ঠিক পেছনে, কক্ষের উঁচু দেয়ালে এটি স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা দ্রুত এই ক্যালিগ্রাফিটি স্থাপনের উদ্যোগ নেয়। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যিবার আরবি ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশ দেন।
এর আগে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। পরে নির্দেশনা অনুযায়ী সংসদের অধিবেশন কক্ষে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’ লেখা ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ক্যালিগ্রাফিটি ইতোমধ্যে অধিবেশন কক্ষে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কক্ষের নান্দনিকতা ও ধর্মীয় আবহ আরও সমৃদ্ধ হয়েছে।

