পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতি যাত্রার জন্য শুক্রবার (১৩ মার্চ) থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী—
-
২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ
-
২৪ মার্চের টিকিট ১৪ মার্চ
-
২৫ মার্চের টিকিট ১৫ মার্চ
-
২৬ মার্চের টিকিট ১৬ মার্চ
-
২৭ মার্চের টিকিট ১৭ মার্চ
-
২৮ মার্চের টিকিট ১৮ মার্চ
-
২৯ মার্চের টিকিট ১৯ মার্চ
এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার টিকিট কেনার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোনো টিকিট রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

