তৈরি পোশাক খাতের ব্যবসায়িক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহি জোরদার করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের সদস্য কারখানার সঙ্গে কাজ করতে হলে এখন থেকে বায়িং হাউসগুলোকে সংগঠনের সহযোগী সদস্যপদ নিতে হবে। অন্যথায় তারা বিজিএমইএর বিভিন্ন সেবা ও সুবিধা থেকে বঞ্চিত হবে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিজিএমইএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জানুয়ারি সংগঠনের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তৈরি পোশাক খাতের সামগ্রিক স্বার্থ রক্ষা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজিএমইএর সদস্যভুক্ত কারখানার সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বায়িং হাউসগুলোকে সংগঠনের সহযোগী সদস্যপদ গ্রহণ করতে হবে। সদস্যপদ না থাকলে তারা বিজিএমইএর সেবা ও সহযোগিতা পাবে না।
বিজিএমইএ জানিয়েছে, সহযোগী সদস্য না হলে বায়িং হাউসগুলো সংগঠনের সহায়তা নিয়ে সদস্য কারখানার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির ক্ষেত্রেও সংগঠনের সহায়তা পাওয়া যাবে না।
সংগঠনের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তৈরি পোশাক খাতে বায়িং হাউস ও কারখানার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও সুসংগঠিত হবে এবং খাতটির স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

