দেশের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য নতুন মাসিক সম্মানী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে এই সুবিধা পাচ্ছেন ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি চার্চের যাজক ও সহকারী যাজক।
প্রকল্প অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক সম্মানী মোট ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রতি মাসে ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্দিরের পুরোহিত ৫ হাজার ও সেবাইত ৩ হাজার টাকা পাবেন। বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫ হাজার ও উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন। খ্রিস্টান চার্চের যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা পাবেন।
সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগ ধর্মীয় সম্প্রতি বৃদ্ধির পাশাপাশি সমাজে ধর্মীয় নেতাদের মর্যাদা ও স্বীকৃতি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে।

