দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের ‘বৈজ্ঞানিক জীবনধারা উন্নয়ন ও মানসিক স্বাস্থ্যসেবা’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ৫ মার্চ জারি হওয়া নির্দেশ অনুযায়ী এই প্রশিক্ষণ সব মাধ্যমিক স্কুল ও কলেজে বাস্তবায়নের যে পরিকল্পনা ছিল, তা আপাতত কার্যকর হবে না।
এর আগে ৮ মার্চ মাউশি জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে কোয়ান্টাম ফাউন্ডেশনের তৈরি ম্যানুয়াল অনুযায়ী দেশের সব স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের প্রভাব দীর্ঘমেয়াদী রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে ‘মনিটরিং পুল’ গঠন ও নিয়মিত তদারকির সুপারিশ করা হয়েছিল।
স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং বাংলাদেশ স্কাউটসও এই কার্যক্রমে সহায়তা করবে, যেখানে স্কুল পর্যায়ে স্কাউট ও কলেজ পর্যায়ে রোভার স্কাউটরা স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেবে। প্রয়োজনে অভিভাবকদেরও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছিল। তবে বিভিন্ন মহলে এই উদ্যোগকে কেন্দ্র করে মতবিরোধ ও সমালোচনা সৃষ্টি হওয়ায় মাউশি অবশেষে পূর্ববর্তী নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

