সাংবাদিক আনিস আলমগীর আদালত থেকে জামিন পাওয়ার দুদিন পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন জানিয়েছেন, “গতকাল শুক্রবার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ দুপুর আড়াইটার দিকে আনিস আলমগীরকে মুক্তি দেওয়া হয়েছে।” মুক্তির সময় সাংবাদিকের স্ত্রীসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।
আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগে নেওয়া হয়। পরদিন তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয় এবং পাঁচ দিন রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানো হয়। উচ্চ আদালত ৫ মার্চ ওই মামলায় জামিন মঞ্জুর করে।
এর আগে ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি আদালত দুদকের আবেদন মঞ্জুর করে তাঁকে গ্রেপ্তার দেখায়। সেই মামলায়ও তিনি জামিন পান।

