ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এর আগে আগামীকাল রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হবে সংসদের দ্বিতীয় অধিবেশন। এরপর ১৬ মার্চ থেকে তা মুলতবি থাকবে এবং ২৯ মার্চ আবার পুনরায় অধিবেশন শুরু হবে। এ সময়কালে ১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
আজ শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সভায় প্রথম অধিবেশনের কার্যাদি সম্পন্ন করার জন্য সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়ীত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টার আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও নির্ধারিত হয়, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং প্রথম অধিবেশন ৩০ এপ্রিল শেষ হবে। প্রয়োজনে স্পিকার অধিবেশনের সময় বা কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা রাখবেন। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ ২৭টি এবং সিদ্ধান্ত-প্রস্তাব (বিধি-১৩১) ৯৭টি নোটিশ জমা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম; বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির। বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয় এবং আরও চারটি কমিটি গঠন করা হয়।

