ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই কর্মসূচির অংশ হিসেবে এখন থেকে প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী।
আজ শনিবার (১৪ মার্চ) সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ এলাকার গাংগপাড়া খালে আয়োজিত এক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নদী, খাল ও জলাশয় নিয়মিত পরিষ্কার রাখা গেলে মশার বিস্তার কমানো সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি জানান, এই কর্মসূচিতে অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বা জাঁকজমকের প্রয়োজন নেই; বরং সবাইকে বাস্তবভাবে পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হবে। তিনি আরও বলেন, রাজশাহীর বারনই নদী একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নদী। এক সময় দেশের কৃষি, সেচ ও মৎস্যসম্পদ উন্নয়নে খাল খনন ও জলাশয় সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় নদী ও খাল পরিষ্কার রাখার কাজ অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ সময় ধরে অবহেলায় পড়ে থাকা অনেক এলাকা এখন পরিষ্কার করা প্রয়োজন। অতীতের দায় নিয়ে বিতর্কের চেয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করাই বেশি গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধে নদী-নালা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা সহায়তা প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এছাড়া জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকিউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

